শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের আয়োজন করে ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এ সময় জোটের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।সমাবেশ শেষে ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রামের উদ্দেশ্যে লংমার্চের বহর শাপলা চত্বর ছাড়ে।আরও পড়ুন, ঢাকার বায়ুর মান মাঝারি, দূষিত শহরের তালিকায় ১৮তম১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটের সমাধান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।লংমার্চের নির্ধারিত রুটে কয়েকটি স্থানে পথসভা করার কথা রয়েছে। প্রথম পথসভা হবে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাক স্ট্যান্ডে। এরপর কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে।সবশেষে চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা করার কথা রয়েছে।ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এই লংমার্চকে ঘিরে শাপলা চত্বর থেকে চট্টগ্রাম পর্যন্ত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে কর্মসূচি এগিয়ে চলছে।