অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গুরুতর চোট কার্তিক আরিয়ানের
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান শুটিং করতে গিয়ে গুরুতর হাঁটুর চোট পেয়েছেন। পরিচালক কবীর খানের পরবর্তী সিনেমার একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় আহত হন তিনি।মুম্বাইয়ে সিনেমাটির শুটিং চলছিল। শুটিংয়ের শেষ দিনে অ্যাকশন দৃশ্যের কাজ করার সময় হঠাৎ হাঁটুতে গুরুতর চোট পান কার্তিক। পরে তাকে মুম্বাইয়ের মাহিমের ফোর্টিস রাহেজা হাসপাতালে নেওয়া হয়।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এক দিনের মধ্যেই তার হাঁটুতে অস্ত্রোপচার করা হতে পারে। অস্ত্রোপচারের পর কয়েক দিন বিশ্রামে থাকতে হবে এই অভিনেতাকে কবীর খানের ক্রীড়াভিত্তিক এই সিনেমায় কার্তিককে দেখা যাবে কাশ্মীরের এক কিশোরীকে কিকবক্সিং প্রশিক্ষণ দেওয়া এক কোচের চরিত্রে। বাস্তব জীবনের ক্রীড়াবিদ তাজামুল ইসলামের জীবন থেকে অনুপ্রাণিত হয়েই সিনেমাটি নির্মাণ করা হচ্ছে।আরও পড়ুন.আমার এখনো বিয়ে হয়নি : পূজামুম্বাইয়ের পাশাপাশি কাশ্মীরের বিভিন্ন স্থানেও হয়েছে সিনেমাটির শুটিং।এই সিনেমার মধ্য দিয়ে প্রযোজক হিসেবেও নতুন যাত্রা শুরু করছেন কার্তিক আরিয়ান। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ডোপামিন স্টুডিওসের ব্যানারে কবীর খান ফিল্মসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছেন তিনি।চোট থেকে সুস্থ হয়ে ওঠার পর অনুরাগ বসুর নাম ঠিক না হওয়া একটি রোমান্টিক সিনেমায় কাজ করার কথা রয়েছে কার্তিকের। সেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন শ্রীলীলা।কবীর খান ও কার্তিক আরিয়ানের এটি দ্বিতীয় যৌথ কাজ। এর আগে ২০২৪ সালে ‘চন্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন তারা। সিনেমাটি প্রত্যাশিত ব্যবসা না করলেও মুরলিকান্ত পেটকারের জীবনভিত্তিক এই সিনেমা কার্তিককে এনে দেয় সেরা অভিনেতা হিসেবে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।