স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে রূপান্তরপ্রক্রিয়ায় থাকা সদস্য রাষ্ট্রগুলোর জন্য কমনওয়েলথভুক্ত উন্নত দেশগুলোর অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) নির্বাহী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া হুমায়ুন কবির বলেন, এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রক্রিয়ায় থাকা দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক রূপান্তর মসৃণ করতে কমনওয়েলথের অভ্যন্তরীণ বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বজায় রাখা প্রয়োজন। এতে এসব দেশের বাণিজ্যিক সক্ষমতা ও অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখা সহজ হবে। আরও পড়ুন,এডমন্ড আলবিয়াসের হাতেই বদলে যায় ভ্যানিলা চাষতিনি কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন সরবরাহব্যবস্থা নিশ্চিত করা এবং আন্তদেশীয় বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জোটের বিপুল বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে সদস্য দেশগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করেন। আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়া কনফারেন্স সেন্টারে আয়োজিত এ অধিবেশনে কমনওয়েলথের ৫৬টি সদস্য রাষ্ট্রের সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদলের নেতারা অংশ নেন। অধিবেশনে বাণিজ্য, বিনিয়োগ ও বেসরকারি খাতে অর্থায়নে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা, আর্থিক ও বাণিজ্যব্যবস্থায় সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়। জলবায়ু অর্থায়নে অংশীদারত্ব এবং তরুণদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে সহায়তা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন নেতারা। উল্লেখ্য, ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন হুমায়ুন কবির। সম্মেলনে অংশগ্রহণ এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য তাঁকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।