অবাধ-সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন দিতে ইসি প্রস্তুত: সিইসি
জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় এবার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় জাতিকে একটি মানসম্মত স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়া সম্ভব।বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।সিইসি বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন ও প্রশাসনিক সংস্থাগুলোর প্রতি জনগণের যে আস্থার সংকট তৈরি হয়েছিল, তা অনেকটাই পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।জাতীয় নির্বাচনে প্রশাসনিক সংস্থাগুলো নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।আরও পড়ুন, ১৭ সেপ্টেম্বর ফেনী যাচ্ছেন তারেক রহমান, বন্যা নিয়ন্ত্রণসহ উন্নয়নে বড় প্রত্যাশাএ এম এম নাসির উদ্দিন বলেন, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রস্তুতি আরও ত্বরান্বিত করতে কাজ চলছে। একই উচ্চ মানদণ্ড বজায় রেখে স্থানীয় সরকার নির্বাচন সফল করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।সিইসির মতে, যেকোনো কাজের মূল মাপকাঠি হলো তার ফলাফল। জাতীয় নির্বাচনে প্রশাসনিক সংস্থাগুলোর ভূমিকার মাধ্যমে যে সক্ষমতা প্রমাণিত হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনেও সেই দক্ষতা কাজে লাগাতে হবে।তিনি বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব এবং সমন্বিত প্রচেষ্টাই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার অন্যতম ভিত্তি।জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও জনগণের আস্থা ধরে রাখাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।