দৈনিক সংবাদ দিগন্ত

দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে পাওয়ার ব্যাংক থেকে আগুন, হায়দরাবাদে জরুরি অবতরণ

ভারতের দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এ পরিস্থিতিতে ফ্লাইটটি ঘুরিয়ে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিমান সংস্থা ইন্ডিগো। সংস্থাটি জানায়, দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই-৬১১৫-এ এক যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে কেবিন ক্রুরা দ্রুত পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নেন। নির্ধারিত নিরাপত্তাবিধি অনুসরণ করে পাইলটরা বিমানটির গতিপথ পরিবর্তন করেন এবং হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান।আরও পড়ুন,ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলনের মধ্যেই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভিডিওতে বিমানের ওপরের দিকে লাগেজ রাখার জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। এ সময় কয়েকজন যাত্রী ব্যাগ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। হঠাৎ এমন ঘটনায় বিমানের ভেতরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না কিংবা বিমানের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য জানানো হয়নি। ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হওয়ায় তারা দুঃখিত। যাত্রীদের ভোগান্তি কমাতে জলখাবারের ব্যবস্থা করা হচ্ছে এবং নিয়মিত সর্বশেষ তথ্য জানানো হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বিমান সংস্থাটি আরও বলেছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিমানে পাওয়ার ব্যাংক ও লিথিয়াম ব্যাটারিযুক্ত ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তাবিধি মেনে চলার গুরুত্ব আবারও সামনে এনেছে এ ঘটনা।

দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে পাওয়ার ব্যাংক থেকে আগুন, হায়দরাবাদে জরুরি অবতরণ