দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো

আগামীকাল রোববার ঢাকায় আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে তার বাংলাদেশ সফর এখনো নিশ্চিত নয়। ভুটানের থিম্পু যাওয়ার পথে তিনি ঢাকায় ট্রানজিট নিতে পারেন বলে জানা গেছে। ফিফা সভাপতি থিম্পু সফরে যাবেন। তবে সব বিমান সরাসরি থিম্পুতে যাতায়াত করে না। এ কারণে গন্তব্যে পৌঁছানোর পথে সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের কোনো বিমানবন্দরে ট্রানজিট নিতে পারেন ইনফান্তিনো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এখনো নিশ্চিত নয়, ফিফা সভাপতি বাংলাদেশে যাত্রাবিরতি করবেন কি না। তবে সম্ভাব্য এই সফরকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে সংস্থাটি। এদিকে, বাফুফের সাধারণ সম্পাদক শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন।আরও পড়ুন,রেমো ডিসুজার নতুন সিনেমায় নায়ক রাঘব জুয়েলফিফা সভাপতি ঢাকায় ট্রানজিট নিলে ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা যাতে দ্রুত সম্পন্ন করা যায়, সে বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ইনফান্তিনো বিমানবন্দরের ভিআইপি জোনে অবস্থান করলে বাফুফে সভাপতি ও সহসভাপতিরা তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে তার বাংলাদেশে ট্রানজিট নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার ওপর। ফিফা সভাপতির সম্ভাব্য এই যাত্রাবিরতি বাংলাদেশের ফুটবল অঙ্গনের জন্য তাৎপর্যপূর্ণ হতে পারে। তবে এখন পর্যন্ত তার ঢাকায় আগমন কিংবা অবস্থানের সময়সূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তাই শেষ পর্যন্ত তিনি বাংলাদেশে আসছেন কি না, তা জানতে অপেক্ষা করতে হচ্ছে সংশ্লিষ্টদের।

ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো