আগামী ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারে প্রবেশ করতে যাওয়া প্রায় ১২০ কোটি তরুণের মধ্যে ৮০ কোটিই কর্মসংস্থান খুঁজে পাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। সংস্থাটি সতর্ক করে বলেছে, এখনই কার্যকর নীতিগত পরিবর্তন ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া না হলে বিপুলসংখ্যক তরুণ বেকারত্বের ঝুঁকিতে পড়বে। মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে ভার্চুয়ালি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন ইউএনডিপির প্রশাসক আলেকজান্ডার ডি ক্রু। থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সভার সাইডলাইন থেকে তিনি সংবাদ সম্মেলনে যুক্ত হন। এ সময় সংস্থাটির নতুন নীতিগত প্রতিবেদন ‘নো টাইম টু রিকভার’-এর মূল বিষয়গুলো তুলে ধরেন তিনি। আলেকজান্ডার ডি ক্রু বলেন, উন্নয়নশীল দেশগুলোর বড় একটি অংশের জনসংখ্যা তরুণ। কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করা না গেলে তা বড় সংকটে পরিণত হবে। এখনই নীতিগত পরিবর্তন ও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায়, পরিস্থিতি নিজে থেকে সমাধান হবে না। সংবাদ সম্মেলনে বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টিকারী কয়েকটি সংকটও তুলে ধরেন ইউএনডিপি প্রধান। এর মধ্যে রয়েছে ঋণের বোঝা, এল নিনোর প্রভাব এবং জ্বালানি সংকট। তার উপস্থাপনায় বলা হয়, মধ্যম আয়ের উন্নয়নশীল দেশগুলো বর্তমানে তাদের মোট রাজস্বের ৯ দশমিক ৫ শতাংশ ঋণের সুদ পরিশোধে ব্যয় করছে। আরোও পড়ুন,গত ২৫ বছরের মধ্যে এই হার সর্বোচ্চ এবং উচ্চ আয়ের দেশগুলোর তুলনায় প্রায় তিন গুণ। এই পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্বজুড়ে আরও ১৩ কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। কর্মসংস্থান সংকট মোকাবিলায় ইউএনডিপি নতুন দুটি উদ্যোগের কথা জানিয়েছে। বিশ্বব্যাংক গ্রুপ, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক এবং ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের অংশীদারত্বে ‘ইনভেস্টমেন্ট অ্যাক্সিলারেটর’ ও ‘জবস ফর প্রসপারিটি ফ্যাসিলিটি’ নামে উদ্যোগ দুটি সামনে আনা হয়েছে। নেপাল, ইয়েমেন, হাইতি, লেবানন ও ঘানায় এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়েও কথা বলেন আলেকজান্ডার ডি ক্রু। তার মতে, প্রযুক্তির বিস্তার ঘটলেও সেবা, কৃষি ও পর্যটনের মতো শ্রমঘন খাতে বিপুল কর্মসংস্থান তৈরির সুযোগ রয়েছে। এ জন্য প্রয়োজন সঠিক বিনিয়োগ, কার্যকর নীতি এবং দক্ষতা উন্নয়নের উদ্যোগ। বিশেষজ্ঞদের জন্য নয়, বরং কোটি কোটি তরুণের ভবিষ্যৎ সুরক্ষায় এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইউএনডিপি। সংস্থাটির মতে, দারিদ্র্য কমানো এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে টেকসই কর্মসংস্থান সৃষ্টির কোনো বিকল্প নেই।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।