দৈনিক সংবাদ দিগন্ত

সেপ্টেম্বরেই পঞ্চগড়ে ঘন কুয়াশা, কমেছে যানবাহনের গতি

শরতের শুরুতেই হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে গেছে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়। মঙ্গলবার ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ছিল কুয়াশার ঘন আস্তরণ।ঘন কুয়াশায় শহর ও গ্রামের পথঘাট হয়ে পড়ে আবছা। কমে যায় যানবাহনের গতি। অনেক চালককে হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে চলাচল করতে দেখা যায়।স্থানীয় বাসিন্দারা বলছেন, সেপ্টেম্বর মাসে এত ঘন কুয়াশা এর আগে দেখেননি তারা। ভোরে চারপাশ কুয়াশায় ঢেকে যাওয়ায় অনেকের মধ্যেই শীতের আগমনের অনুভূতি তৈরি হয়।তবে কুয়াশার সময় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি।পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর ইসলাম জানান, সকালে ঘুম থেকে উঠে চারপাশ কুয়াশায় ঢাকা দেখতে পান। কয়েক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না বলে জানান তিনি।অন্যদিকে অটোচালক আব্দুর রহিম জানান, কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়েও সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। তাই বাধ্য হয়ে ধীরগতিতে গাড়ি চালাতে হয়েছে।আরও  পড়ুন, ভাঙ্গায় বাসের নিচে মোটরসাইকেল, দুই আরোহী নিহততেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া কর্মকর্তা জানান, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার কারণে আবহাওয়ায় এমন পরিবর্তন দেখা দিতে পারে। পাশাপাশি দীর্ঘ সময় আকাশে মেঘ থাকা এবং হঠাৎ মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়াও কুয়াশা তৈরিতে ভূমিকা রাখছে।সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা দিলে কুয়াশা কাটতে শুরু করে। পরে স্বাভাবিক হয়ে আসে পঞ্চগড়ের পরিস্থিতি।

সেপ্টেম্বরেই পঞ্চগড়ে ঘন কুয়াশা, কমেছে যানবাহনের গতি