দৈনিক সংবাদ দিগন্ত

মোংলা বন্দর আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি

মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের মধ্যে ৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ৫৯২ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার টাকা। সোমবার (১২ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এ তথ্য জানিয়েছে। এর আগে গত ১০ অক্টোবর এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নে চীন সরকার ২ দশমিক ৪০৪ বিলিয়ন চীনা ইউয়ান বা আরএমবি ঋণ দেবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে নেওয়া ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পে এ অর্থ ব্যবহার করা হবে। প্রকল্পটির মূল লক্ষ্য বন্দরের অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো এবং আধুনিক কার্গো ও কন্টেইনার ব্যবস্থাপনার সুযোগ সম্প্রসারণ করা। আরও পড়ুন,পূজার আগে ১৭ অক্টোবর খোলা থাকবে ব্যাংকঋণচুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব আলিয়া মেহের এবং চীনের এক্সিম ব্যাংকের পক্ষে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফেংজুন তিয়ান স্বাক্ষর করেন। প্রকল্পের আওতায় আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হবে। পাশাপাশি কন্টেইনার ইয়ার্ড, কন্টেইনার ডেলিভারি ইয়ার্ড এবং কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি বন্দরের প্রয়োজনীয় আধুনিকায়ন করা হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চীনের এ ঋণের সুদের হার হবে ২ শতাংশ। ঋণ পরিশোধের মোট মেয়াদ ২০ বছর, যার মধ্যে থাকবে পাঁচ বছরের গ্রেস পিরিয়ড। অর্থাৎ নির্ধারিত শর্ত অনুযায়ী ঋণ পরিশোধ শুরু করার আগে পাঁচ বছরের অবকাশ থাকবে।

মোংলা বন্দর আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি