ঈদে মিলাদুন্নবীর বাণীতে শান্তি-সম্প্রীতির বার্তা প্রধানমন্ত্রীর
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির যে শিক্ষা দিয়েছেন, তা সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশ।বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানসহ বিশ্বের সব মুসলিম উম্মাহকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানান।তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন ছিল পবিত্র কুরআনের শিক্ষার বাস্তব প্রতিফলন। সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, ক্ষমাশীলতা, সহনশীলতা, দয়া ও পরোপকারের অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন ।আরও পড়ুন , ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১ হাজার ৭৭প্রধানমন্ত্রী আরও বলেন, জাতি, বর্ণ, গোত্র, ভাষা ও সামাজিক অবস্থানের বিভেদ অতিক্রম করে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছেন মহানবী (সা.)। এতিম, দরিদ্র, অসহায়, নারী, শিশু এবং সমাজের দুর্বল ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষায়ও তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন।বর্তমান বিশ্বের যুদ্ধ, সংঘাত, বৈষম্য, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায় ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, উগ্রতা ও অপরাধ থেকে দূরে রেখে জ্ঞান, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে গড়ে তুলতে মহানবীর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি।সবশেষে মহানবী (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার চর্চা বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশসহ বিশ্বে শান্তি, ন্যায়, সাম্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠার প্রার্থনা করেন তিনি।