ঘুষ ও অনুপস্থিতির অভিযোগে পুলিশের ৭ কর্মকর্তা চাকরিচ্যুত
সরকারি দায়িত্ব পালনে অনিয়ম, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি এবং ঘুষ নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগে পুলিশের সাত কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে।বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, ডিবির সাবেক যুগ্ম কমিশনার সঞ্চিত কুমার রায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত। ডিএমপির সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার ২০২৪ সালের ১৮ অক্টোবর থেকে, রংপুরের সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান ২০২৫ সালের ৯ জানুয়ারি থেকে এবং অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল ফারুক ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে তাদের বরখাস্ত করা হয়েছে।আরও পড়ুন, দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে, নেত্রকোনা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রোকনুজ্জামানের বিরুদ্ধে একজনকে এসআই পদে চাকরি দেওয়ার শর্তে ১৭ লাখ টাকা দাবি করার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, তিনি ওই ব্যক্তির কাছ থেকে নিজ অ্যাকাউন্টে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা নেন। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাওয়া হলেও তা ফেরত দেওয়া হয়নি। পরে অভিযোগের তদন্তে অপরাধ প্রমাণিত হলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম ২০২৫ সালের ৯ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। আর পুলিশ স্টাফ কলেজের এএসপি মো. হাবিবুল্লাহ দালাল ছুটি নিয়ে ২০২৫ সালের ২২ জানুয়ারি থেকে আর কাজে যোগ দেননি। নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দেওয়ায় তাদেরও বরখাস্ত করা হয়েছে।পুলিশ বাহিনীতে শৃঙ্খলা, দায়িত্ব পালনে জবাবদিহি এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।