হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের নতুন ধাপ শুরু আজ
বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের নতুন ধাপ শুরু হচ্ছে আজ।বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।রাষ্ট্রপক্ষ জানিয়েছে, এ পর্যায়ে মামলার সূচনা বক্তব্য বা ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপন করা হবে। এরপর ধাপে ধাপে সাক্ষ্যগ্রহণ শুরু হবে, যার মাধ্যমে মামলাটি আনুষ্ঠানিকভাবে বিচারিক প্রক্রিয়ায় প্রবেশ করবে।মামলায় মোট চারজন আসামির মধ্যে বর্তমানে দুইজন গ্রেপ্তার রয়েছেন—উজিরপুর থানার সাবেক এএসআই মো. মাহাবুল ইসলাম এবং এএসআই জসিম উদ্দিন। আরও পড়ুন , মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচিঅন্যদিকে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার এহসান উল্লাহ পলাতক রয়েছেন।এর আগে গত ২০ মে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন এবং আজকের দিনটিকে সূচনা বক্তব্য ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারণ করা হয়।রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি টিপু হাওলাদার ও কবির মোল্লাকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর আগৈলঝাড়ার বাইপাস সড়কের পাশে ‘ক্রসফায়ার’ সাজিয়ে হত্যা করা হয়। তারা দুজনই রাজনৈতিকভাবে তৎকালীন ক্ষমতাসীনদের প্রতিপক্ষ ছিলেন বলে দাবি করা হয়েছে।এ ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে দীর্ঘদিন ধরে তদন্ত ও বিচার কার্যক্রম চলছে। আজকের শুনানির মধ্য দিয়ে মামলাটি নতুন গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।