পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবি
রংপুর সদর উপজেলার পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে নবগঠিত কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও কয়েকজন অভিভাবক নবগঠিত এডহক কমিটি সম্পর্কে জানতে চান। এ সময় অধ্যক্ষের সঙ্গে আলোচনার একপর্যায়ে নবগঠিত কমিটির সভাপতি আব্দুল গনি অশ্লীল ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ।পরে সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. মাসুদ রানা, দলীয় নেতৃবৃন্দ ও অভিভাবকরা অধ্যক্ষের কার্যালয় থেকে বেরিয়ে প্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণভাবে সভা করেন।সভায় শাহ মো. মাসুদ রানা অভিযোগ করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই গোপনে এডহক কমিটি গঠন করা হয়েছে। অধ্যক্ষ জয়নাল আবেদীন স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে এ কমিটি গঠন করেছেন বলেও অভিযোগ করেন তিনি।বক্তারা বলেন, গত ৫ আগস্ট সরকারের পতনের পর দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে কমিটি না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রমে নানা প্রতিবন্ধকতা তৈরি হলে সমস্যা সমাধানে এডহক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।আরও পড়ুন, নতুন মোটরসাইকেল কেনার তিন দিন পরই সড়কে ঝরল দুই প্রাণঅভিযোগকারীদের দাবি, ওই নির্দেশনার সুযোগ নিয়ে পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যথাযথ আলোচনা ছাড়াই নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধ্যক্ষের মাধ্যমে শিক্ষা অফিসে এডহক কমিটি গঠনের জন্য তিনজনের নাম প্রস্তাব করা হলে নতুন কমিটি গঠনের বিষয়টি জানা যায়।এরপর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অভিভাবকরা নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে গঠনপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলেন। তারা দ্রুত নবগঠিত কমিটি বাতিল করে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সকলের সম্মতিক্রমে নতুন এডহক কমিটি গঠনের দাবি জানান।সভায় ২ নম্বর হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আব্দুর রাসেল বলেন, দ্রুত দাবি মেনে নেওয়া না হলে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।এ সময় সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ, ২ নম্বর হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সুরুজ, যুবদল নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় অভিভাবকরা উপস্থিত ছিলেন।অভিযোগের বিষয়ে পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ীই নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার নবগঠিত এডহক কমিটির সভাপতি আব্দুল গনি দায়িত্ব গ্রহণ করেছেন।