প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
জামায়াত ছাড়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে আমির হামজার পোস্ট
সংবাদ দিগন্ত ||
কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে দলীয়ভাবে বাধা দেওয়া হলে প্রয়োজনে জামায়াতে ইসলামী ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা। শুক্রবার ২৭ নভেম্বর রাতে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডে এমন বক্তব্য তুলে ধরেন তিনি। সেখানে আমির হামজার উদ্ধৃতি দিয়ে লেখা হয়, ‘একটা মারলে দুইটা মারব। কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেব।’ ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও তাঁকে একই ধরনের বক্তব্য দিতে শোনা যায়। ভিডিওতে তিনি বলেন, কর্মীদের ওপর হামলার ঘটনায় আর ধৈর্য ধরতে চান না। প্রয়োজনে দল ছেড়ে হলেও হামলার প্রতিশোধ নেওয়ার কথা বলেন তিনি। তবে শুক্রবার রাত সাড়ে ১০টার পর ফটোকার্ডটি তাঁর ফেসবুক পেজ থেকে সরিয়ে ফেলা হয়। সরিয়ে নেওয়ার আগে পোস্টটিতে প্রায় ২১ হাজার ৮০০টি প্রতিক্রিয়া, এক হাজার ৯০০টি মন্তব্য এবং ৪৮৩টি শেয়ার পড়েছিল। ফটোকার্ডটি সরিয়ে নেওয়ার কারণ সম্পর্কে তাঁর বক্তব্য জানা যায়নি। আরও পড়ুন,ইসির সংলাপে আলাদাভাবে যাচ্ছে এনসিপি ও এবি পার্টিজানা গেছে, গত ২৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য ও দল মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. শাহজাহানের কার্যালয় ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয় বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি ও সাতটি গুলির খোসা উদ্ধার করে। হামলায় জামায়াতের ছয়জন স্থানীয় কর্মী আহত হন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এর পরদিন এক সংবাদ সম্মেলনে আমির হামজা ওই এলাকায় ডাম্প ট্রাক চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন। এদিকে ফেসবুকে দেওয়া বক্তব্য এবং ফটোকার্ড সরিয়ে নেওয়ার কারণ জানতে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত