প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
ইসরাইলি সেনাদের গুলিতে নিহত ফিলিস্তিনি নাগরিক
সংবাদ দিগন্ত ||
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের অভিযানে প্রাণ হারিয়েছেন ৫৭ বছর বয়সী এক ফিলিস্তিনি। শনিবার ২৮ নভেম্বর নাবলুস শহরের দক্ষিণে মাদামা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হিকমত মোহাম্মদ ফারাজ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি সেনাদের গুলিতে তিনি নিহত হন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, ফারাজের বুকে সরাসরি গুলি লাগে। পরে তাকে নাবলুসের একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মাদামা গ্রাম পরিষদের প্রধান রামি নাসের বার্তা সংস্থা এএফপিকে জানান, নিজ বাড়িতে ইসরাইলি সেনাদের অভিযানের সময় ফারাজকে গুলি করা হয়। এ সময় সেনারা তার স্ত্রী, মেয়ে ও পুত্রবধূকেও মারধর করেছে বলে অভিযোগ করেন তিনি। তবে এ ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের দাবি, মাদামা গ্রামে সামরিক অভিযান চলাকালে সেনারা একটি ভবনে প্রবেশ করেন। এ সময় ওই ভবন থেকে সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়। আরও পড়ুন,মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় বহু নিহতইসরাইলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ধস্তাধস্তির একপর্যায়ে এক ব্যক্তি এক কর্মকর্তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন ওই কর্মকর্তা গুলি চালান। এ ঘটনায় আরেক সেনা কর্মকর্তা আহত হয়েছেন বলেও জানিয়েছে বাহিনী। আহত কর্মকর্তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, গুলিবিদ্ধ ব্যক্তি সংঘর্ষ চালিয়ে যেতে থাকলে তাকে থামাতে সেনারা ব্যবস্থা নেয়। উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলে থাকা পশ্চিম তীরে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে সহিংসতা আরও বেড়েছে। ওই হামলার জেরেই গাজায় যুদ্ধ শুরু হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে এক হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই ইসরাইলি সেনাদের হাতে প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইসরাইলি পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ে ফিলিস্তিনিদের হামলায় অথবা ইসরাইলি সামরিক অভিযানের সময় ৫০ জনের বেশি ইসরাইলি নিহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত