প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
ইসির সংলাপে আলাদাভাবে যাচ্ছে এনসিপি ও এবি পার্টি
সংবাদ দিগন্ত ||
ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়েছে। তবে এই সংলাপে জোটগতভাবে অংশ নেওয়া নিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যে দেখা দিয়েছে মতভিন্নতা। জামায়াতসহ জোটের অধিকাংশ দল একসঙ্গে সংলাপে যেতে চাইলেও এনসিপি ও এবি পার্টি আলাদাভাবে অংশ নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। রোববার ২৯ নভেম্বর প্রথম দিনের সংলাপে নিবন্ধনের ক্রমানুসারে ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। তালিকায় ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর নামও রয়েছে। তবে জামায়াতে ইসলামী রোববারের সংলাপে অংশ নিচ্ছে না। দলটি ১১-দলীয় ঐক্যের শরিকদের নিয়ে পরবর্তী সময়ে সম্মিলিতভাবে সংলাপে অংশ নিতে চায়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, ১১-দলীয় ঐক্যের জন্য আলাদা সময় চাওয়া হয়েছে। সময় নির্ধারণ হলে সম্মিলিতভাবে নির্বাচন কমিশনে যাবেন তাঁরা। তবে জোটের শরিক এবি পার্টি নির্ধারিত সূচি অনুযায়ী এককভাবে সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরও পড়ুন,গণমাধ্যমে অপপ্রচার বন্ধের আহ্বান রিজভীরদলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে জোটের দলগুলো স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। তাই সংলাপেও আলাদাভাবে অংশ নেবে এবি পার্টি। অন্যদিকে এনসিপিও এককভাবে সংলাপে যাওয়ার বিষয়ে আগ্রহী। দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত অবস্থান জানানো হবে। এদিকে বিএনপি রোববারের পরিবর্তে আগামীকাল সোমবার নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেবে। তিন দিনে মোট ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে ইসি। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলেও নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চায় কমিশন।এবার পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের লক্ষ্য, সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। তবে সংলাপে ১১-দলীয় ঐক্যের দলগুলোর পৃথক অবস্থান রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত