প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
ইয়েমেনে সৌদি জোট ও হুথিদের পাল্টাপাল্টি হামলা
সংবাদ দিগন্ত ||
সৌদি আরবের লোহিত সাগর উপকূলবর্তী জাজান প্রদেশে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি নিয়ে সাময়িক সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তবে কিছুক্ষণ পরই সতর্কতা প্রত্যাহার করে জানানো হয়, বিপদের আশঙ্কা কেটে গেছে। এমন পরিস্থিতির মধ্যেই ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও জোরদার হয়েছে। সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে গত জুলাই থেকে দুই পক্ষের সংঘাত তীব্র আকার ধারণ করেছে। উভয় পক্ষই একের পর এক হামলার খবর জানিয়েছে। শনিবার হুথিরা দাবি করেছে, ইয়েমেনের রাজধানী সানায় সৌদি হামলায় আল-তাহরির এলাকার আটটি বাড়ি ও তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় আহত হয়েছেন অন্তত ১৩ জন।আরও পড়ুন, বালহাফ থেকে ৬৪ নটিক্যাল মাইল দূরে জাহাজ ছিনতাইএদিকে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরা টিভির দাবি, সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী তাইজ প্রদেশের মোখা বিদ্যুৎকেন্দ্রে তিনটি বিমান হামলা চালিয়েছে। একই সঙ্গে আল-বাইদা প্রদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্কেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী সানায় হুথি-সংশ্লিষ্ট অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির কর্মশালা এবং কাঠামোগত সংযোজনকেন্দ্রে হামলার ভিডিও প্রকাশ করেছে। এর আগে গত ২৬ নভেম্বর জোট বাহিনী দাবি করেছিল, সানা, আল-হুদায়দা ও সাদা প্রদেশে হুথিদের ৫০টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে তারা। সাম্প্রতিক হামলাগুলোকে ওই অভিযানের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। একদিকে সৌদি আরবের জাজান প্রদেশে নিরাপত্তা সতর্কতা জারি ও প্রত্যাহার, অন্যদিকে ইয়েমেনে পাল্টাপাল্টি হামলা—সব মিলিয়ে লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত