প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
নৈরাজ্য প্রতিহতে রাজনৈতিক দলগুলোর ঐক্য চান হুইপ দুলু
সংবাদ দিগন্ত ||
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও নৈরাজ্যের বিরুদ্ধে’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। দুলু বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য, অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। আগামী ১৬ ডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা ও আতঙ্ক তৈরির চেষ্টা হতে পারে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের আদালতে দণ্ডিত। তাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের কাছে অনুরোধ জানানো হচ্ছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। আরও পড়ুন,বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করলে ছাড় নয়: আইনমন্ত্রী সাংবাদিকদের প্রসঙ্গে হুইপ বলেন, অতীতে দীর্ঘ সময় সাংবাদিকদের কথা বলার অধিকার সীমিত করা হয়েছিল। ডিজিটাল আইনের মতো আইনের মাধ্যমে সত্য প্রকাশে বাধা সৃষ্টি ও গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে উল্লেখ করে দুলু বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার পরিচালনা করছে এবং ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী বিরোধী দলে রয়েছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করছে বলেও তিনি দাবি করেন। গোপালগঞ্জ ও মাদারীপুরের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি থানা, উপজেলা পরিষদ ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের অভিযোগ করেন। এসব ঘটনা প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্য ও সাধারণ মানুষকে নিয়ে এলাকায় পাহারার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। দুলু নাগরিকদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার এবং অপরাধে জড়িত কাউকে আটক করলে আইন নিজের হাতে না নিয়ে পুলিশের কাছে সোপর্দ করার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত