প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
সিমন্স অধ্যায়ের ইতি টানতে পারে বিসিবি
সংবাদ দিগন্ত ||
দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই শেষ হতে পারে ফিল সিমন্সের বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের অধ্যায়। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিলের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের একাধিক সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম। টেস্টে টানা তিনটি সিরিজে খারাপ ফল এবং ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর কোচ পরিবর্তনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বিসিবির এক পরিচালকের মতে, সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে সিমন্সকে সরানোর সুযোগ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চুক্তির শর্ত অনুযায়ী, দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলে অতিরিক্ত তিন মাসের বেতন পাওয়ার কথা সিমন্সের। বিসিবির এক কর্মকর্তার দাবি, আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে নতুন প্রধান কোচের অধীনে খেলতে পারে বাংলাদেশ। সম্ভাব্য কোচ হিসেবে ইংলিশ সাবেক ক্রিকেটার জোনাথন ট্রটের নাম আলোচনায় রয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, তাঁর সঙ্গে বিসিবির প্রাথমিক আলোচনা হয়েছে। ২০২৪ সালের ১৫ অক্টোবর খণ্ডকালীন ভিত্তিতে বাংলাদেশের দায়িত্ব নেন ৬৩ বছর বয়সি সিমন্স। আরও পড়ুন, ভাইরাল মেসির সপ্তম শ্রেণির মার্কশিটপরে ২০২৫ সালের মার্চে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তাঁর সঙ্গে নতুন চুক্তি করে বিসিবি। চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল। সিমন্সের কাজের ধরন নিয়েও বোর্ডের ভেতরে অসন্তোষ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অনুশীলন ও বিদেশ সফরে তাঁর সম্পৃক্ততা এবং ম্যাচ চলাকালে দলের সঙ্গে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট কয়েকজন। তবে এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোচের বক্তব্য পাওয়া যায়নি।বর্তমানে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মালিবঙ্গয়ে মাকেতা। দক্ষিণ আফ্রিকা সফরে খণ্ডকালীন ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন ডেল বেনকেনস্টেইন। কোচিং স্টাফ পুনর্গঠনের অংশ হিসেবে পেস বোলিং ও ফিল্ডিং কোচের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে বলে আলোচনা রয়েছে। সিমন্সের মাসিক বেতন ৩৮ হাজার মার্কিন ডলার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তাঁকে সরানোর বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো আসেনি। বোর্ডের এক পরিচালক জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালে ড্রেসিংরুমের পরিবেশে প্রভাব পড়তে পারে—এমন কোনো আলোচনা আপাতত করতে চায় না বোর্ড।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত