প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
পেরুতে ফের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮
সংবাদ দিগন্ত ||
পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে দেশটির বিমানবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলট গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ জানায়, আপুরিমাক, এনে ও মানতারো নদীর অববাহিকা নিয়ে গঠিত প্রত্যন্ত উপত্যকা অঞ্চলে একটি টহল দলের সদস্যদের উদ্ধারে যাওয়ার সময় হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। স্থানীয়ভাবে স্প্যানিশ ভাষায় অঞ্চলটি ‘ভ্রায়েম’ নামে পরিচিত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অনুসন্ধান ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল থেকে হেলিকপ্টার এবং এতে থাকা নয়জন সামরিক সদস্যকে উদ্ধার করেছে। পাইলট এনজো এসপিনোজা রোকে একমাত্র জীবিত ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী লিমায় নেওয়া হয়েছে। আরও পড়ুন,মিসরের মহাসড়কে ট্যাংকার দুর্ঘটনা, আহত ২১পেরুর সবচেয়ে বড় কোকা উৎপাদনকারী উপত্যকা ভ্রায়েম। মাদক পাচার এবং শাইনিং পাথ নামের গেরিলা গোষ্ঠীর অবশিষ্ট সদস্যদের উপস্থিতির কারণে কয়েক দশক ধরে এ অঞ্চলে সামরিক তৎপরতা জোরদার রয়েছে। বৃহস্পতিবার রাতে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এর আগে আয়াকুচো অঞ্চলের প্রত্যন্ত সানাবাম্বা এলাকা থেকে তিন সেনাসদস্যকে উদ্ধার করেছিল হেলিকপ্টারটি। তবে কী কারণে ওই সেনাসদস্যদের উদ্ধারের প্রয়োজন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। উদ্ধার করা ওই তিন সেনাসদস্যও দুর্ঘটনায় নিহত হয়েছেন। এর আগে গত ফেব্রুয়ারিতে পেরুর দক্ষিণাঞ্চলে দেশটির আরেকটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ১৫ জনের সবাই নিহত হন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে কোকা পাতা ও কোকেন উৎপাদনকারী দেশগুলোর মধ্যে পেরু অন্যতম শীর্ষস্থানীয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত