প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
ইসির সংলাপ ঘিরে ১১-দলীয় ঐক্যে টানাপোড়েন
সংবাদ দিগন্ত ||
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর আসন্ন সংলাপে অংশগ্রহণের পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের অধিকাংশ শরিক জোটগতভাবে সংলাপে অংশ নিতে চাইলেও এনসিপির নেতাদের একটি অংশ এককভাবে সংলাপে যাওয়ার পক্ষে। ইসি ইতিমধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছে। আগামী রোববার প্রথম দিনে ১১-দলীয় ঐক্যের তিনটি দল—জামায়াত, এলডিপি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনকে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে জোটের শরিক এনসিপি ও আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) আগামী ১ ডিসেম্বর সংলাপে অংশ নিতে বলা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকে সংলাপে অংশগ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা হয়। আরও পড়ুন,সরকারের সঙ্গে সংলাপে এনসিপিকেও চায় জামায়াতবৈঠকে এনসিপি ও এবি পার্টি ছাড়া অন্য দলগুলো জোটগতভাবে সংলাপে যাওয়ার পক্ষে মত দেয়। জামায়াতসহ অধিকাংশ দলের পক্ষ থেকে ইসিকে মৌখিকভাবে জোটগত সংলাপের আহ্বানও জানানো হয়েছে। বৈঠকে এনসিপির প্রতিনিধি আরিফুল ইসলাম আদীব বলেন, ইসি দলগুলোকে আলাদাভাবে আমন্ত্রণ জানিয়েছে। তবে জোটের অধিকাংশ দল একসঙ্গে সংলাপে যাওয়ার পক্ষে। এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এনসিপি নিজেদের অবস্থান জানাবে। এনসিপির কয়েকজন নেতার দাবি, গত ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলটির নেতাদের পৃথক মতবিনিময়কে জামায়াত ভালোভাবে নেয়নি। জামায়াতের পক্ষ থেকে সরকারের উচ্চপর্যায়ে অসন্তোষের কথাও জানানো হয়েছে বলে তাঁরা দাবি করেন। আরও পড়ুন,বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক জামায়াতেরএনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলটি এককভাবে অংশ নেওয়ার পরিকল্পনা করছে। এ কারণে নিবন্ধিত দল হিসেবে ইসির সংলাপেও এককভাবে অংশ নেওয়ার পক্ষে এনসিপির অনেক নেতা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় ফোরামে আলোচনার পর নেওয়া হবে। অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রত্যেক রাজনৈতিক দলের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। তবে জোটের সিদ্ধান্ত অনুযায়ী, আমন্ত্রণ পেলে শরিক দলগুলো আলোচনা করে জোটবদ্ধভাবে বৈঠকে অংশ নেবে। প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক মতবিনিময়ের পর নির্বাচন কমিশনের সংলাপ নিয়েও দুই দলের ভিন্ন অবস্থান ১১-দলীয় ঐক্যের অভ্যন্তরীণ সমন্বয় ও রাজনৈতিক সম্পর্ক নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত