প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
কসবায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও আনিসুল হকের মুক্তির দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ||
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কুটি চৌমুহনী এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি কসবা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবির মোহাম্মদ সোহাগ তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন বলে জানা গেছে। ভিডিওতে আবির মোহাম্মদ সোহাগকে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও আনিসুল হকের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আরও পড়ুন, কক্সবাজারে ট্রাফিক পুলিশের সার্জেন্ট তরুণের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগএ সময় তিনি নিজেকে কসবা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে পরিচয় দিয়ে নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দেন। বক্তব্যে আবির মোহাম্মদ সোহাগ বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে আমি আপনাদের পাশে আছি। নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের পাশে থাকব।’ এদিকে, আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কর্মসূচি পালনের কথাও ভিডিওতে উল্লেখ করা হয়। বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত