প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
বুধবার সর্বনিম্নে, শুক্রবার স্বর্ণের দামে বড় পুনরুদ্ধার
সংবাদ দিগন্ত ||
আন্তর্জাতিক বাজারে টানা দরপতনের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। চলতি সপ্তাহে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুর দাম বেড়েছে প্রায় ২ দশমিক ৭ শতাংশ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারবাজারে অস্থিরতা কমে আসা এবং যুক্তরাষ্ট্রের ছুটির কারণে বিনিয়োগের প্রবণতায় পরিবর্তনকে দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকেরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৭ মিনিটের দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬২২ ডলার ৯১ সেন্টে দাঁড়ায়। এর আগে বুধবার স্বর্ণের দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কায় সম্প্রতি স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটে। সাধারণত সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি হলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়। আরও পড়ুন, কানাডা সৌদি আরব ও কাফকো থেকে সার কেনার প্রস্তাবএদিকে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬২১ ডলার ১০ সেন্টে পৌঁছেছে। ভিটি মার্কেটসের প্রধান কৌশল কর্মকর্তা রস ম্যাক্সওয়েল বলেন, সাম্প্রতিক দরপতনের পর স্বর্ণের দাম স্থিতিশীল হওয়ার চেষ্টা করছে। তবে বিনিয়োগকারীরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন। যুক্তরাষ্ট্রের ছুটির কারণে প্রযুক্তি খাতের শেয়ার বিক্রি এবং বিভিন্ন সম্পদ থেকে বিনিয়োগ তুলে নেওয়ার প্রবণতা সাময়িকভাবে কমেছে। এতে স্বর্ণের ওপর বিক্রির চাপও কমতে পারে। তবে স্বর্ণের দাম বাড়ার এই ধারা কতটা স্থায়ী হবে, তা নির্ভর করবে প্রকৃত সুদের হার, মার্কিন ডলারের অবস্থান এবং বিনিয়োগের প্রবাহের ওপর। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। শুক্রবার স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৩ ডলার ৪০ সেন্ট, প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩২৩ ডলার ৭৮ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ৯০১ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত