প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
হোটেলে ছুরিকাঘাতে প্রাণ গেল ২৩ বছর বয়সী ব্যবস্থাপকের
সংবাদ দিগন্ত ||
রাজধানীর পুরান ঢাকার টিকাটুলিতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের ওপর ছুরিকাঘাতের ঘটনায় ব্যবস্থাপক নাঈমুর রহমান (২৩) নিহত হয়েছেন। এ ঘটনায় হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসান (২৬) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে টিকাটুলির হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে এ ঘটনা ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হোটেলের সামনের একটি মুরগির দোকান থেকে একটি মুরগি রাত দেড়টার দিকে হোটেলে ঢুকে পড়ে। এ নিয়ে হোটেলকর্মীদের সঙ্গে দোকানের মালিক এনায়েত কাজী ও তাঁর ছেলে ইরান কাজীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা হোটেলে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ব্যবস্থাপক নাঈমুরকে ছুরিকাঘাত করেন। আরও পড়ুন, গুলশান-বনানীতে স্পা সেন্টারের আড়ালে কী চলছেতাঁকে রক্ষা করতে গিয়ে আবদুর রাজ্জাক ও হাসানও আহত হন। পরে আহত তিনজনকে উদ্ধার করে শুক্রবার ভোররাত চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের খালাতো ভাই সাব্বির আহমেদের দাবি, মুরগির দোকানের মালিক এনায়েত কাজী ও তাঁর সহযোগীরা কিছুদিন ধরে হোটেলে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় নাঈমুরের ওপর তাঁরা ক্ষুব্ধ ছিলেন। আহত আবদুর রাজ্জাকের নাতি মো. জুবায়েরও পূর্বশত্রুতার জেরে এ হামলার অভিযোগ করেছেন। পুলিশ কর্মকর্তা মল্লিক আহসান উদ্দিন সামী জানান, ঘটনার পর এনায়েত ও তাঁর ছেলে পালিয়ে গেছেন। হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। হামলার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।নিহত নাঈমুর রহমানের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দে। তাঁর বাবার নাম মো. গোলাম মোস্তফা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত