প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
নাশকতার উৎস খুঁজছে গোয়েন্দারা
সংবাদ দিগন্ত ||
ডিসেম্বর মাসকে ঘিরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতার বহুমুখী পরিকল্পনার অভিযোগ উঠেছে। যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, লগি-বৈঠার মহড়া, সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং অর্থের জোগানসহ বিভিন্ন বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সম্ভাব্য নাশকতা ঠেকাতে দেশজুড়ে নিরাপত্তা, গোয়েন্দা নজরদারি ও সাইবার পর্যবেক্ষণ জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের ভেতরে গোপনে সহযোগিতা ও তথ্য পাচারের অভিযোগে কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডও নজরদারিতে রাখা হয়েছে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ গুরুতর অভিযোগে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান ও মো. রকিবুল হাসানকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বৃহস্পতিবার জানান, ওই চার কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার অভিযোগ রয়েছে। সন্দেহভাজন পুলিশ সদস্যদের চলাফেরা ও কর্মকাণ্ডের ওপর নজরদারি চলছে। ডিসেম্বর ঘিরে নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনকে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলেও জানান তিনি। গোয়েন্দা সূত্রের দাবি, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা হুন্ডি ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাঠাচ্ছেন। দেশে থাকা সম্পত্তি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিক্রি করেও অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে। এসব অর্থ নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিতে ব্যবহারের আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।আরও পড়ুন,বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক জামায়াতের মাঠপর্যায়ে কর্মীর সংকট পূরণে অর্থের বিনিময়ে মাদকসেবী, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করার তথ্যও পাওয়া গেছে বলে সূত্রের দাবি। সাভার ও আশুলিয়ার জিরাবো এলাকায় অভিযানে বিপুল পরিমাণ লগি-বৈঠাসহ ১৭ জনকে আটকের কথা জানিয়েছে গোয়েন্দারা। তাদের দাবি, নির্দিষ্ট স্থান থেকে এসব সরঞ্জাম তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। গোয়েন্দা সূত্র আরও বলছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা, ভাঙচুর ও লুটপাটের পরিকল্পনার আশঙ্কা রয়েছে। এ ধরনের ঘটনা ঘটিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নজরদারি ও নিরাপত্তা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানের তালিকা তৈরি, পুলিশি টহল, চেকপোস্ট এবং সাদা পোশাকে নজরদারি চলছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিআইজি শফিকুল ইসলাম বলেছেন, নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে তাঁরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত