প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ব্যাটিং গড়ে খালেদের নাম
সংবাদ দিগন্ত ||
টেস্ট ক্রিকেটে বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক হলেও ব্যাট হাতে নিজেদের দুর্বলতার কারণে আলোচনায় এসেছেন বাংলাদেশের দুই পেসার খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। টেস্টে প্রথম ৩৩ ইনিংস শেষে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায় তাঁদের নাম রয়েছে। আর পুরো ক্যারিয়ারের ব্যাটিং গড় বিবেচনায় সর্বনিম্ন পাঁচের তালিকায় আছেন খালেদ আহমেদ ও সাবেক পেসার মনজুরুল ইসলাম। সদ্য সমাপ্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন টেস্টে খেলা খালেদ আহমেদ ২০১৮ সালে টেস্ট অভিষেকের পর আট বছরে খেলেছেন ১৯টি টেস্ট। ৩৩ ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ৬০ রান। ব্যাটিং গড় ২.৫০, যা প্রথম ৩৩ ইনিংস শেষে টেস্ট ইতিহাসে সর্বনিম্ন। খালেদের ব্যাটিংয়ের দুরবস্থা আরও স্পষ্ট হয় শূন্য রানের পরিসংখ্যানে। ৩৩ ইনিংসের ১৭টিতেই তিনি আউট হয়েছেন শূন্য রানে। আরও পাঁচ ইনিংসে শূন্য রানে অপরাজিত ছিলেন। একই টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হওয়ার ঘটনা, অর্থাৎ পেয়ার, ঘটেছে চারবার। টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি পেয়ার করার তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকার শীর্ষে আছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার ক্রিস মার্টিন। আরও পড়ুন, ভাইরাল মেসির সপ্তম শ্রেণির মার্কশিট৭১ টেস্টে তাঁর ব্যাটিং গড় ২.৩৬। ১০৪ ইনিংসে ৩৬ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। তবে খালেদের চেয়ে অনেক বেশি ইনিংস খেলেও মার্টিনের ডাকের সংখ্যা ১৭টি বেশি। বাংলাদেশের আরেক পেসার ইবাদত হোসেনের প্রথম ৩৩ টেস্ট ইনিংসে ব্যাটিং গড় ৩.৩১। এ তালিকায় তিনি যৌথভাবে চতুর্থ স্থানে। একই তালিকায় তাঁর ওপরে থাকা অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রার প্রথম ৩৩ ইনিংসে গড় ছিল ৩.২৮। তবে পরবর্তী সময়ে ব্যাটিংয়ে উন্নতি করে ম্যাকগ্রা ক্যারিয়ার গড় ৭.৩৬-এ উন্নীত করেন।পুরো ক্যারিয়ারের হিসাবে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায় বাংলাদেশের সাবেক পেসার মনজুরুল ইসলামের নামও রয়েছে। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ১৭ টেস্ট খেলা মনজুরুল ৩৩ ইনিংসে করেছেন ৮১ রান। তাঁর ব্যাটিং গড় ৩.৬৮। সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলা এই বোলার ১০ বার শূন্য রানে আউট হয়েছেন। পরিসংখ্যান বলছে, টেস্টে বল হাতে সাফল্য থাকলেও ব্যাটিংয়ে দুর্বলতার কারণে বাংলাদেশের কয়েকজন পেসারের নাম উঠে এসেছে বিব্রতকর রেকর্ডের তালিকায়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত