প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের তৎপরতা নিয়ে সতর্ক তিন রাজনৈতিক দল
সংবাদ দিগন্ত ||
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক তৎপরতা মোকাবিলায় ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিজয়ের মাসকে কেন্দ্র করে তিনটি দলই পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে রাজনীতির মাঠে নিজেদের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি আওয়ামী লীগের তৎপরতা প্রতিহত করাই এসব কর্মসূচির অন্যতম লক্ষ্য। রাজনৈতিক সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দলটির পক্ষ থেকে অনলাইনে লকডাউনসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা এসেছে। এসব কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ঢাকা, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার। আরও পড়ুন, আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরগোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারে বিশেষ অভিযানও চলছে। বিজয়ের মাসের প্রথম দিন ১ ডিসেম্বর ঢাকায় বড় সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করবে বিএনপি। ৩১ ডিসেম্বর পর্যন্ত দল ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করবে দলটি। বিএনপির নেতারা জানিয়েছেন, এবার ডিসেম্বরজুড়ে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সংগঠনের কর্মসূচি থাকবে। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কর্মসূচিতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।গত ১৯ নভেম্বর ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। ২১ নভেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আরও পড়ুন,বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক জামায়াতের৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী সমাবেশ, মিছিল, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি ও চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির। বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবসসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবসও কর্মসূচিতে গুরুত্ব পাচ্ছে।আওয়ামী লীগের তৎপরতা প্রতিহত করতে ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছে এনসিপি। দলটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার রায় কার্যকর এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়। সম্প্রতি দলটির কয়েকজন নেতা হামলা, অগ্নিসংযোগ ও হত্যার হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনার পর দলটি আওয়ামী লীগের কর্মসূচিকে গুরুত্বের সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেয়। ২৪ নভেম্বর ঢাকায় শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাও করেছে দলটি। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, এবারের ডিসেম্বরের কর্মসূচি কেবল বিজয় দিবস উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা মোকাবিলা, রাজপথে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং রাজনৈতিক অবস্থান সুসংহত করাও তিন দলের কর্মসূচির গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত