প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
নাশকতা মোকাবিলায় তৃণমূলে বিএনপির পাঁচ সদস্যের বিশেষ টিম
সংবাদ দিগন্ত ||
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি। এ লক্ষ্যে পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, বিশেষ টিমের সদস্যরা ইতোমধ্যে খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে সাংগঠনিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সম্ভাব্য নাশকতা মোকাবিলার পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখা, অভ্যন্তরীণ বিরোধ নিরসন এবং তৃণমূলের সাংগঠনিক নিয়ন্ত্রণ জোরদার করাও এ টিমের অন্যতম লক্ষ্য। বিশেষ টিমে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু। প্রধানমন্ত্রীর নির্দেশনায় টিমটি সাংগঠনিক দায়িত্ব পালন করছে। তাদের সার্বিক সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।আরও পড়ুন, আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরবুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেন টিমের দায়িত্বশীল নেতারা। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার সভাপতি-সম্পাদক, আহ্বায়ক-সদস্য সচিব, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতারা। বৈঠকগুলোতে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি, নেতাকর্মীদের সক্রিয়তা, অভ্যন্তরীণ বিরোধ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার নির্দেশনা দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাংগঠনিক বিভাগের নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। দলীয় নেতারা জানান, সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় তৃণমূলকে সতর্ক করা হচ্ছে। কোনো ধরনের উসকানিতে পা না দেওয়া, আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য যাচাই করে প্রশাসনকে জানানোর নির্দেশনা রয়েছে। বিশেষ করে আগামী ডিসেম্বরকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড। এর আগে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেন তারেক রহমান। অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম চালানোরও তাগিদ দিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত