প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
মিসরের মহাসড়কে ট্যাংকার দুর্ঘটনা, আহত ২১
সংবাদ দিগন্ত ||
মিসরের রাজধানী কায়রোর একটি ব্যস্ত মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহত ব্যক্তিদের এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কায়রোর পুরোনো শহরের কেন্দ্রস্থলের উত্তরে ওয়াররাক এলাকায় রিং রোডের একটি অংশে এ দুর্ঘটনা ঘটে। আগুনে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনাস্থলে আগুনের বিশাল শিখা ও কালো ধোঁয়া দেখা গেছে। আগুনে আশপাশের কয়েকটি গাড়িও পুড়ে যায়। মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জ্বালানিবাহী ট্যাংকারটি উল্টে যাওয়ার পর আশপাশের গাড়ির ওপর পেট্রল ছড়িয়ে পড়ে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনো অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। সংবাদমাধ্যম আল-আহরামের এক প্রতিবেদনে তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ট্যাংকারটি একটি বেসরকারি ঠিকাদার প্রতিষ্ঠানের।আরও পড়ুন, বাংলাদেশসহ ১৪ দেশ ও অঞ্চলের ওপর নতুন শুল্কের ঘোষণা ট্রাম্পের মহাসড়ক দিয়ে যাওয়ার সময় এর সামনে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্যাংকারটি সড়কের মাঝের বিভাজক পার হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহত ব্যক্তিদের উদ্ধারে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়টি তদারকি করতে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করেছেন। এদিকে দুর্ঘটনার ঘটনায় স্থানীয় সরকারি কৌঁসুলি তদন্ত শুরু করেছেন। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে তাঁদের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। মিসরে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটছে। যানবাহন ও সড়কের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন ব্যাপকভাবে অমান্য করাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা আগের বছরের তুলনায় কয়েক শ বেশি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত