প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। জাতীয় সংসদে আইন পাস অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে এ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) সাতজন জুলাই যোদ্ধার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির রিটটি দায়ের করেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এবং বর্তমানে শরীরে গুলি বহন করছেন—এমন হেলথ কার্ডধারী কয়েকজন জুলাই যোদ্ধা জনস্বার্থে ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে আবেদনটি করেন। রিটে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, আইন ও বিচার, মন্ত্রিপরিষদ, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ মোট নয়জনকে বিবাদী করা হয়েছে। এ ছাড়া বিটিআরসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএফআইইউ প্রধানকেও বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে। তবে এই নিষেধাজ্ঞা সাময়িক হওয়ায় আইন পাস বা অধ্যাদেশ জারির মাধ্যমে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করা, সম্পদ বাজেয়াপ্ত এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে।আরও পড়ুন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রীআবেদনে আরও অভিযোগ করা হয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ নভেম্বর থেকে দেশজুড়ে দলটির নেতাকর্মীরা অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা এবং বিভিন্ন স্থাপনায় হামলার মতো কর্মকাণ্ডে জড়িত। এ ক্ষেত্রে গোপালগঞ্জ, নড়াইল, ফরিদপুর ও চট্টগ্রামের কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের কর্মকাণ্ড তদন্তে সুপ্রিম কোর্টের একজন বর্তমান বা সাবেক বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। দলটির অর্থের উৎস শনাক্ত ও তহবিল জব্দের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউর কাছে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন চাওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে দলটির কর্মকাণ্ড তুলে ধরা, যুক্তরাষ্ট্রের কাছে দলটিকে ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে তালিকাভুক্ত করার অনুরোধ এবং ভারতে অবস্থানরত দণ্ডিত নেতাদের প্রত্যর্পণে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে। উল্লেখ্য, রিট দায়েরের আগে গত ১৯ নভেম্বর বিবাদীদের ২৪ ঘণ্টার সময় দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। ওই নোটিশের জবাব না পাওয়ায় হাইকোর্টে রিটটি দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত