প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্যের অপেক্ষায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম
সংবাদ দিগন্ত ||
যুক্তরাষ্ট্রের বছরের শেষ নীতিনির্ধারণী বৈঠকের আগে মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অপেক্ষায় বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। মূল্যস্ফীতির এ তথ্য থেকে সুদের হার নিয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ২২ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৩ হাজার ৫২৪ ডলার ৩৬ সেন্টে নেমে আসে। এর আগের কার্যদিবসেও স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছিল। গত সপ্তাহে ধাতুটির দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মেয়াদে স্বর্ণের আগাম সরবরাহ চুক্তির দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫২৩ ডলার ১০ সেন্ট হয়েছে। একই সময়ে শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। ডলারের মূল্য বাড়লে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে ওঠে। বুধবার যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্য প্রকাশের কথা রয়েছে। এসব তথ্যের ওপর নির্ভর করে স্বর্ণের বাজারে নতুন গতিপথ তৈরি হতে পারে।আরও পড়ুন, মজুরি নিয়ে অনড় মালিক-শ্রমিক, সিদ্ধান্ত ছাড়াই সভা শেষঅ্যাকটিভট্রেডসের পরিচালক ও প্রধান নির্বাহী রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, পিসিই মূল্যসূচক প্রত্যাশার চেয়ে কম হলে সুদের হার বাড়ানোর আশঙ্কা কমতে পারে। এতে ডলারের দর কমে স্বর্ণের দাম আবার ৩ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৬৫০ ডলারে উঠতে পারে। বিপরীতে মূল্যস্ফীতির তথ্য বেশি হলে সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হবে এবং স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে ৩ হাজার ৪০০ ডলারের দিকে যেতে পারে। উচ্চ সুদের হার স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ কমিয়ে দেয়। এ কারণে বিনিয়োগকারীদের মধ্যে সুদ পাওয়া যায় এমন সম্পদের প্রতি আগ্রহ বাড়ে। এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ, প্লাটিনামের দাম ১ দশমিক ৯ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত