প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে শেখ হাসিনাকে
সংবাদ দিগন্ত ||
ভারতে আশ্রয়ে থাকা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। এ জন্য বাংলাদেশ সরকারের কাছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে প্রত্যর্পণ চুক্তির আওতায়। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ থেকে একটি বিমানে ভারতে যাওয়ার কথা উল্লেখ করে তাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনতে বিমান পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষা আর বাস্তবতা এক বিষয় নয়। তাকে হাতকড়া পরিয়ে এবং কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। আরও পড়ুন,পুলিশ প্রশাসনে বড় রদবদল, দায়িত্ব পেলেন ১৪ কর্মকর্তাঅন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে শেখ হাসিনা গেলে তাকে গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার বাধ্যবাধকতা সরকারের নেই। শেখ হাসিনাসহ পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চলছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই। তার হস্তান্তর নিয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে। তিনি কীভাবে বাংলাদেশে ফিরবেন, সেটিও ভারতের সঙ্গে আলোচনার বিষয়। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম শেখ হাসিনার জন্য উড়োজাহাজ চাওয়ার ঘটনাকে পৃথিবীতে বিরল বলে মন্তব্য করেছেন। তার ভাষায়, একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা নজিরবিহীন। এদিকে ডিসেম্বর মাসে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সব মিলিয়ে শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে সরকার বলছে, দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত