প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
সোনারগাঁয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে মানববন্ধন
পীর মোহাম্মাদ ||
আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানিয়েছেন পরিবেশ ও জ্বালানি খাতের সংগঠকেরা। একই সঙ্গে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে অবস্থিত ইউনিকের ৫৮৪ মেগাওয়াট ও রিলায়েন্সের ৭১৮ মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পরিকল্পনা পুনর্বিন্যাসের আহ্বান জানিয়েছেন তাঁরা। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আয়োজিত মানববন্ধন ও জনসমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি (ইএসএডিএস), ক্লিন এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, দেশের জ্বালানি খাত ক্রমেই আমদানিনির্ভর গ্যাস, এলএনজি, কয়লা ও তেলের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, সরবরাহের অনিশ্চয়তা এবং আমদানির উচ্চ ব্যয় দেশের অর্থনীতি ও বিদ্যুৎ খাতে চাপ সৃষ্টি করছে। জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ধারাবাহিক বিনিয়োগ দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা ও পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করছে।আন্তর্জাতিক অর্থায়নের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বক্তারা বলেন, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে মেঘনাঘাটে পরিচালিত বিদ্যুৎ প্রকল্পগুলো জ্বালানি খাতে আন্তর্জাতিক অর্থায়নের অগ্রাধিকার নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করেছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বাড়ায় এমন প্রকল্পের পরিবর্তে বাংলাদেশের টেকসই জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা বাড়ানো উচিত।আরও পড়ুন, বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডতাঁরা আরও বলেন, বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প, বিকেন্দ্রীভূত জ্বালানি ব্যবস্থা এবং ব্যাটারি সংরক্ষণ প্রযুক্তির সমন্বয়ে একটি টেকসই ও বৈচিত্র্যময় জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এর ফলে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমার পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সহজ হবে। সমাবেশ থেকে মেঘনাঘাটের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিনিয়োগ পুনর্বিন্যাস, এআইআইবি ও এডিবির অর্থায়নের অগ্রাধিকার পুনর্বিবেচনা করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং বিদ্যুৎকেন্দ্রগুলোর অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক প্রভাবের স্বাধীন ও স্বচ্ছ মূল্যায়নের দাবি জানানো হয়।পাশাপাশি জ্বালানি খাতের পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে স্থানীয় জনগণ, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট অংশীজনদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান, সোনারগাঁ শাখা কমিটির সভাপতি ফজলুল হক ভূইয়া, মোহাম্মদ আলী আনিস, মঞ্জুরুল ইসলাম ডালিম, জামান মিয়া, আলআমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া পরিবেশকর্মী, শিক্ষার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা কর্মসূচিতে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত