প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
২৭ মাস পর রামশীল আ.লীগ কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশ, পুনরায় কার্যক্রম শুরুর ঘোষণা
এইচ,এম আওলাদ ||
দীর্ঘ ২৭ মাস পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার (২৩ নভেম্বর) রামশীল বাজারে অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে প্রবেশ করেন তাঁরা। এ সময় সেখানে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কার্যালয়ে প্রবেশের পর আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা, সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখা এবং ভবিষ্যৎ কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান তাঁর বক্তব্যে বলেন, আগামী দিনের কর্মসূচিগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলীয় নেতাকর্মীদের মনোবল ধরে রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন পর্যন্ত সবাইকে ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল বলেন, দলের সাংগঠনিক শক্তি সুসংহত রাখতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা জরুরি। কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ে সবাইকে দলীয় সিদ্ধান্ত ও কর্মসূচির প্রতি অবিচল থাকার আহ্বান জানান তিনি।আরও পড়ুন, প্যান্টে লুকানো পিস্তল ও শয়নকক্ষে অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু বলেন, দীর্ঘদিন পর দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতি সাংগঠনিক যোগাযোগ পুনরুজ্জীবিত করার একটি সুযোগ। আগামী দিনে দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়িয়ে সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে। পৌর যুবলীগের সভাপতি জামাল হোসেন শেখ বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা সম্ভব নয়। তাই সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি বজায় রেখে ভবিষ্যৎ কর্মসূচিতে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাঁড়িয়া বলেন, দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তরুণ নেতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দলীয় কর্মকাণ্ডে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, কৃষিবিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, পৌর যুবলীগের সভাপতি জামাল হোসেন শেখ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাঁড়িয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভাপতি শ্যামল কান্তি বিশ্বাসের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দলীয় কর্মসূচির সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত