প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
রাশিয়ার আকাশ প্রতিরক্ষায় ধরা পড়ল ইউক্রেনের ৬৯৯ ড্রোন
সংবাদ দিগন্ত ||
রাতভর ইউক্রেনের ছোড়া ৬৯৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। মস্কো অঞ্চল ও রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়া উপদ্বীপসহ দেশটির বিভিন্ন এলাকায় এসব ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতভর দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনের ৬৯৯টি ড্রোন শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, ধ্বংস করা ড্রোনগুলোর মধ্যে ৩৫৫টি মস্কো অঞ্চলকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৬৩টি ড্রোন রাজধানী মস্কোর দিকে এগিয়ে আসার সময় ভূপাতিত করা হয়। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ড্রোন হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় পাঁচ বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।আরও পড়ুন,গাজা যুদ্ধের পর ইসরায়েলি বাহিনীতে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করছে রাশিয়া। এতে দেশটির বিদ্যুৎ ও জ্বালানি খাতের ওপর চাপ বাড়ছে বলে বিভিন্ন সময়ে খবর প্রকাশিত হয়েছে। অন্যদিকে, গত সপ্তাহান্তে লিবিয়ার উপকূলে রাশিয়ার দুটি জাহাজে হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন। সোমবার কিয়েভ জানায়, রাশিয়ার একটি বন্দরে নোঙর করা জাহাজ এবং কাছাকাছি পানিসীমায় অবস্থান করা আরেকটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ইউক্রেনের দাবি, ওই হামলায় রাশিয়ার সাম্প্রতিক সময়ের অন্যতম নতুন যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছে। তবে জাহাজ দুটির ক্ষয়ক্ষতি ও হামলার প্রকৃত পরিস্থিতি নিয়ে রুশ কর্তৃপক্ষের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত