প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
জোবায়ের হোসেন ইফতি ||
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আবারও সড়কে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের একাধিক এলাকায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এতে গুরুত্বপূর্ণ দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুরের নাওজোর, ভোগড়া বাইপাস, চৌরাস্তা, সদর উপজেলার ভবানীপুর, মেম্বারবাড়ি ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একই সময়ে মহানগরের কোনাবাড়ী এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরাও কাজে যোগ না দিয়ে আন্দোলনে অংশ নেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাওজোর ও ভোগড়া এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে অবরোধ শুরু করেন। একাধিক স্থানে শ্রমিকদের অবস্থানের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আটকা পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের মানুষ। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। আরও পড়ুন,সত্য ও মানুষের অধিকারের লড়াইয়ে আপসহীন আবুল কালাম আজাদ, আজ তাঁর জন্মদিনপরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে শিল্প পুলিশ, জেলা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আনসার ব্যাটালিয়নের সদস্যদের। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. আমজাদ হোসেন জানান, বেলা সোয়া ১০টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করছিলেন। শুধু সদর উপজেলাতেই নয়, মহানগরের কোনাবাড়ী এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরাও কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন। তিনি আরও জানান, শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। এদিকে, গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভের কারণে সকাল থেকেই কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত