প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
ফ্লোরিডায় ক্যাম্পিং স্পটে গুলিবর্ষণ নিহত তরুণ
সংবাদ দিগন্ত ||
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্ধুদের সঙ্গে ক্যাম্পিং করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণ। নদীর ধারে তাঁবুর ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় বাইরে থেকে ছোড়া গুলি তাঁর মাথায় লাগে। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ। রবিবার ২২ নভেম্বর রাত ১১টার পর ফ্লোরিডার সান্তা রোজা কাউন্টির ব্ল্যাকওয়াটার নদীর কাছে এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম কেরি ওয়াশিংটন ভিনসন। তিনি এসকাম্বিয়া কাউন্টির নবনির্বাচিত কমিশনার জো ভিনসনের ছেলে। স্থানীয় শেরিফের কার্যালয় জানায়, গুলির ঘটনার খবর পেয়ে ৯১১ নম্বরে ফোন করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁবুর ভেতরে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় কেরি ওয়াশিংটন ভিনসনকে উদ্ধার করে। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। নিহতের বাবা জো ভিনসন জানান, বন্ধুদের সঙ্গে নদীর ধারে ক্যাম্পিং করছিলেন তাঁর ছেলে। এ সময় ক্যাম্পের বাইরে থেকে ছোড়া একটি গুলি তাঁবু ভেদ করে ভেতরে ঢুকে কেরির মাথায় লাগে। সোমবার ২৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ছেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জো ভিনসন। আরও পড়ুন,গাজা যুদ্ধের পর ইসরায়েলি বাহিনীতে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধিতিনি জানান, প্রিয় সন্তানকে হারিয়ে তাঁর পরিবার হতবাক ও মর্মাহত। এদিকে সান্তা রোজা কাউন্টির প্রধান ডেপুটি র্যান্ডি টিফট জানান, প্রত্যক্ষদর্শীরা নদীর অপর পাশ থেকে গুলির শব্দ শুনেছেন। একই সময় নদীর ওপারে একটি গাড়ির হেডলাইটও দেখতে পান তাঁরা। গুলির শব্দের পর একটি গাড়ি চালু করে ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার শব্দও শুনেছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ বলছে, কারা এই গুলি চালিয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি ওই এলাকায় সন্দেহজনক কোনো ব্যক্তি বা যানবাহন দেখতে পেলে কিংবা এ ঘটনা সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে শেরিফের কার্যালয়ে যোগাযোগের আহ্বান জানিয়েছে পুলিশ। তদন্তকারীরা বলছেন, আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও যেকোনো তথ্য এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত