প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
রোহিঙ্গাদের ওপর নির্যাতনকে গণহত্যা বলল যুক্তরাজ্য
সংবাদ দিগন্ত ||
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সংঘটিত গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায়কে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর নৃশংস নির্যাতনের ঘটনায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। সোমবার ২৩ নভেম্বর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে আইসিজের রায়ের প্রতি সমর্থন জানান। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন ও গাম্বিয়া। যৌথ বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, আন্তর্জাতিক গণহত্যা সনদের অধীনে মিয়ানমার তার বাধ্যবাধকতা গুরুতরভাবে লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক বিচার আদালতের রায় মিয়ানমারের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। তাই আন্তর্জাতিক আইন ও আদালতের সিদ্ধান্ত পুরোপুরি মেনে চলতে দেশটির প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে। এদিকে যৌথ বিবৃতির পাশাপাশি আলাদা বিবৃতিতে যুক্তরাজ্য সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতাকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, রোহিঙ্গাদের ওপর ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের ঘটনা কোনোভাবেই জবাবদিহির বাইরে থাকতে পারে না।আরও পড়ুন,ফিলিস্তিনিদের মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি নতুন নিষেধাজ্ঞার আওতায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দ করা হবে। একই সঙ্গে তাদের ব্রিটেনে প্রবেশ ও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি রপ্তানি ও সরবরাহের ওপর কঠোর বিধিনিষেধ আরোপে নতুন আইন প্রণয়নের পরিকল্পনাও জানিয়েছে লন্ডন। শুধু নিষেধাজ্ঞা নয়, রোহিঙ্গা ও অন্যান্য ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোরও ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। রাখাইন রাজ্যে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের জীবনরক্ষাকারী ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড সহায়তা দেবে দেশটি। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আন্তর্জাতিক উদ্যোগে আরও ৩০ লাখ পাউন্ড অর্থায়ন করবে ব্রিটিশ সরকার। ফ্রান্স২৪-এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। রোহিঙ্গা গণহত্যার বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আন্তর্জাতিক প্রচেষ্টায় এই স্বীকৃতি এবং নতুন নিষেধাজ্ঞাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত