প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতীয় রাজনীতিতে আলোচনা
সংবাদ দিগন্ত ||
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। একই সঙ্গে আগামী ডিসেম্বরেই পেট্রাপোল-বেনাপোল স্থলসীমান্ত দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন বলেও দাবি করেছেন তিনি। সোমবার ২৩ নভেম্বর দেওয়া স্বপন মজুমদারের এই বক্তব্যকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিজেপি বিধায়কের দাবি, বিশ্বের শক্তিশালী দেশগুলো শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে এবং ডিসেম্বর মাসে তাকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে। তার ভাষ্য অনুযায়ী, পেট্রাপোল সীমান্ত দিয়েই বাংলাদেশে প্রবেশ করতে পারেন শেখ হাসিনা। স্বপন মজুমদার আরও বলেন, শেখ হাসিনা ওই সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরলে আরও বেশি মানুষ একত্রিত হয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্ত করার উদ্যোগ নেবেন। এদিকে বাংলাদেশে বিদেশি অর্থ ব্যবহার করে ভারতবিরোধী কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন এই বিজেপি বিধায়ক। তবে এ অভিযোগের পক্ষে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।আরও পড়ুন,দলে ফেরার গুঞ্জনে রুমিনের স্পষ্ট বার্তাঅন্যদিকে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ খতিয়ে দেখতে আওয়ামী লীগের চারজন শীর্ষ নেতা পশ্চিমবঙ্গের পেট্রাপোল ও ঘোজাডাঙ্গা স্থলবন্দর পরিদর্শন করেছেন বলে বিভিন্ন সূত্রে খবর ছড়িয়েছে। সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সম্ভাব্য যাতায়াতের পথ সম্পর্কে খোঁজখবর নেওয়াই তাদের উদ্দেশ্য ছিল বলে দাবি করা হচ্ছে। এ বিষয়ে স্বপন মজুমদার বলেন, আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শনের খবর সঠিক বলে তিনিও শুনেছেন। এদিকে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়াও শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মন্তব্য করেছেন। তার মতে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তবে শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, কিংবা পেট্রাপোল বা ঘোজাডাঙ্গা সীমান্ত ব্যবহার করবেন কি না, সে বিষয়ে ভারত ও বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে বিজেপি নেতার বক্তব্য ও সীমান্ত ঘিরে ছড়ানো খবরকে কেন্দ্র করেই আপাতত রাজনৈতিক আলোচনা চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত