প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগের সমর্থকদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
সংবাদ দিগন্ত ||
গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দলটির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার গোলচত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান প্রান্ত, চান মিয়া মোল্লার ছেলে রাকিবুল মোল্লা, সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা এবং কোভিদ মোল্লার ছেলে জাহিদ মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।আরও পড়ুন, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ড চায় পুলিশপ্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজন শহরের গোলচত্বর এলাকায় জড়ো হন। এ সময় দুই গ্রামের দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এ সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে জড়িত ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত ছাড়া এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত