প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
কসবায় বেকারিতে টেক্সটাইল কালার ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা
শরিফুল ইসলাম ||
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারে গ্যাস সিলিন্ডার, বেকারি পণ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কার্যালয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪ প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তাঁকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান। অভিযান সূত্রে জানা যায় কুটি বাজারের সামি ট্রেডার্স ও জনসেবা এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকানে মূল্যতালিকা প্রদর্শন এবং বিক্রয় ভাউচার সংরক্ষণের অনিয়ম পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।আরও পড়ুন, তরবারির সঙ্গে গর্দানের কোনো সংলাপ চলবে না: চট্টগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারীঅন্যদিকে, হাবীব লাইভ বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে টেক্সটাইল কালার ব্যবহার করে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কুটি কেক সুন্দরী নামের একটি কেকের রং ও ফ্লেভার বিক্রয়কারী প্রতিষ্ঠানে অবৈধ প্রক্রিয়ায় এবং মেয়াদোত্তীর্ণ রং ও ফ্লেভার বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার রক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত