প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
তরবারির সঙ্গে গর্দানের কোনো সংলাপ চলবে না: চট্টগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী
এম মিজানুর রহমান ||
জুলাই সনদের ভিত্তি ছাড়া বাংলাদেশে কোনো রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘তরবারির সঙ্গে গর্দানের কোনো সংলাপ চলবে না।’ জাতীয় ঐক্যের নামে অন্যায় কিংবা রাজনৈতিক চাপের কাছে আপস না করার বার্তা দিয়ে তিনি জানান, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন একযোগে অব্যাহত থাকবে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন এনসিপির এই নেতা। সরকারের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একদিকে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতার কথা বলা হচ্ছে, অন্যদিকে জাতীয় স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপের প্রতিফলন দেখা যাচ্ছে না। দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার নিশ্চিত করতে কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে হত্যায় অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। একই সঙ্গে জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানান। গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের বিষয়েও কঠোর অবস্থান তুলে ধরেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। বাংলাদেশের প্রাপ্য পানির অধিকার নিশ্চিত না হলে ভারতীয় পণ্য ও নাগরিকদের বিষয়ে কঠোর নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর বক্তব্যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি উঠে আসে।আরও পড়ুন, চট্টগ্রামে নকল পণ্য ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানাঅন্যদিকে বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপিকে সুস্পষ্ট অবস্থান গ্রহণের আহ্বান জানান তিনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, অতীতের রাজনৈতিক ভুল থেকে শিক্ষা নিয়ে জনগণের রায় বাস্তবায়ন এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতীয় গুরুত্বপূর্ণ এসব প্রশ্নে কোনো ধরনের অস্পষ্টতা কিংবা কালক্ষেপণ গ্রহণযোগ্য নয় বলেও তাঁর বক্তব্যে উঠে আসে। দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই এনসিপি নেতা। তিনি অভিযোগ করেন, গত আট মাসে চাঁদাবাজি, হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কেউ কেউ বিভিন্নভাবে পুনর্বাসনের সুযোগ পেয়েছেন। এ ধরনের পরিস্থিতি বিচার ও জবাবদিহির পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতার ওপর গুরুত্ব দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী হুঁশিয়ারি উচ্চারণ করেন, অপরাধীদের প্রতি কোনো ধরনের পক্ষপাতিত্ব, অনিয়ম কিংবা অন্যায় সুবিধা প্রদানের চেষ্টা মেনে নেওয়া হবে না। জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। নিউমার্কেট এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তিসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। চার দফা দাবিতে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, গণভোটের রায় বাস্তবায়ন, হত্যাকাণ্ডের বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান অব্যাহত রাখার বার্তা দেন এনসিপির নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত