প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
ঢাকাকে আরামদায়ক নগরী করতে বিশ্বব্যাংকের সহায়তা
সংবাদ দিগন্ত ||
ঢাকাকে আরও বাসযোগ্য ও মানুষের জন্য আরামদায়ক করে তুলতে নতুন পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। মন্ত্রী জানান, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রাকে টেকসই করা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিভিন্ন দুর্যোগ ও ঝুঁকি থেকে তাদের সুরক্ষায় এই ২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে। বৈঠকে ঢাকা শহরের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ মোকাবিলা এবং নগরকে আরও বাসযোগ্য করে তোলার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। আরও পড়ুন,বাণিজ্যিক উৎপাদনের অপেক্ষায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রবিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে জানান, ঢাকার নির্দিষ্ট কিছু এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার জন্য একটি পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক। তিনি বলেন, রাজধানীর বিশেষ চ্যালেঞ্জপূর্ণ এলাকাগুলোর সমস্যা চিহ্নিত করে সেগুলোর উন্নয়ন কীভাবে করা সম্ভব, তা যাচাই করা হবে এই কর্মসূচির মাধ্যমে। এ ক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দেওয়া পরিকল্পনাগুলো বিবেচনায় নেওয়া হবে। এ ছাড়া উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ভৌত অবকাঠামো নির্মাণের পাশাপাশি মানুষের জীবিকা এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্বব্যাংকের এই সহায়তা বাস্তবায়িত হলে একদিকে ঢাকার নগর ব্যবস্থাপনা ও বাসযোগ্যতা উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হবে, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও সহায়ক হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত