প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
সাদা গাড়িতে পেট্রাপোল সীমান্তে নানক-মায়াসহ চার নেতা
সংবাদ দিগন্ত ||
ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ চার নেতা। রোববার (২২ নভেম্বর) দুপুরে একটি সাদা গাড়িতে করে তারা পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে পৌঁছান। সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর কলকাতার উদ্দেশে রওনা হন তারা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই চার নেতার মধ্যে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। সংবাদমাধ্যমটির দাবি, সেখানে ভারতীয় অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে তাদের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। তবে বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ নিয়ে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন বিকল্প খতিয়ে দেখছেন।আরও পড়ুন,সাকা চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে স্মরণে ট্রাইব্যুনালের পুরোনো মন্তব্য এ কারণে পেট্রাপোলের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে তাদের। প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার নেতাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাতায়াতের পথ ও সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে। এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের একাংশে আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে নেতাদের সফরের উদ্দেশ্য কিংবা সেখানে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে ভারতীয় অভিবাসন দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বা পেট্রাপোল থানার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে শেখ হাসিনার দেশে ফেরার পথ খতিয়ে দেখতেই নেতারা সীমান্তে গিয়েছিলেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত