প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
উপসাগরীয় অঞ্চলে হামলার মধ্যেও তেলের বাজারে পতন
সংবাদ দিগন্ত ||
বৈশ্বিক শেয়ারবাজারে দরপতনের প্রভাব পড়েছে আন্তর্জাতিক পণ্যবাজারেও। এর ফলে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় তেলের দাম আরও কমে যাওয়ার প্রবণতা কিছুটা সীমিত রয়েছে। সোমবার ২৩ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ ডলার ২৯ সেন্টে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ২৬ সেন্টে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা তিন সপ্তাহ ধরে বিশ্ববাজারে তেলের দাম কমার প্রবণতা অব্যাহত রয়েছে। এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম কমেছিল ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম কমেছিল ৫ শতাংশ। আরও পড়ুন,ইহুদি সন্ত্রাসবাদ’ বন্ধে ইসরায়েল সরকারের প্রতি আহ্বানবিশ্লেষকদের মতে, বৈশ্বিক শেয়ারবাজারে বিক্রির চাপ এবং পণ্যবাজারে এর প্রভাব তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করেছে। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজে হামলার ঘটনায় তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রোববার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার দাবি করেছে। পাশাপাশি সপ্তাহান্তে উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালির আশপাশে বাণিজ্যিক জাহাজে বেশ কয়েকটি হামলার খবর পাওয়া গেছে।বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে একদিকে বৈশ্বিক শেয়ারবাজারের চাপ অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি—এই দুই বিপরীতমুখী প্রভাবের মধ্যে ওঠানামা করছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত