প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
সাকা চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে স্মরণে ট্রাইব্যুনালের পুরোনো মন্তব্য
সংবাদ দিগন্ত ||
বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) মৃত্যুদণ্ড কার্যকরের ১১ বছর পূর্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া তাঁর একটি পুরোনো বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। নিজের বিচার চলাকালে তিনি বলেছিলেন, ‘জজ সাহেব! এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে।’ গত রোববার (২২ নভেম্বর) তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের ১১ বছর পূর্ণ হয়। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি আবার ছড়িয়ে পড়ে। বিশেষ করে একই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর মন্তব্যটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ২০১৫ সালের ২২ নভেম্বর দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।আরও পড়ুন,জাতীয় ঐক্যের আগে সংবিধান সংস্কার পরিষদের শপথ চায় এনসিপি এর প্রায় ১০ বছর পর ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড। ১৯৪৯ সালের ১৩ মার্চ চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তাঁর বাবা ফজলুল কাদের চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় তিনি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১০ সালের ১৬ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। আরও পড়ুন,জুলাইয়ের নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিতের দাবি এনসিপি আহ্বায়কের ২০১২ সালের ৪ এপ্রিল তাঁর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগসহ ২৩টি অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ২০১৩ সালের ১ অক্টোবর ট্রাইব্যুনাল ৯টি অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। আপিল বিভাগেও সেই সাজা বহাল থাকে। ২০১৫ সালের ১৮ নভেম্বর রিভিউ আবেদন খারিজ হলে মৃত্যুদণ্ড কার্যকরের বাধা দূর হয়। তবে তাঁর বিচারপ্রক্রিয়া নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। হিউম্যান রাইটস ওয়াচ আসামিপক্ষের সাক্ষী হাজিরের সুযোগ সীমিত করার সমালোচনা করে। সংস্থাটির তথ্য অনুযায়ী, রাষ্ট্রপক্ষ ৪১ জন সাক্ষী হাজিরের সুযোগ পেলেও আসামিপক্ষের জন্য তা চারজনে সীমাবদ্ধ ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বিচারপ্রক্রিয়ার আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে উদ্বেগ জানিয়েছিল। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে রাউজানের গহিরায় পারিবারিক বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান পরিবারের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত