প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে বাড়ছে আলোচনা
সংবাদ দিগন্ত ||
তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে আজ সোমবার বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। স্থগিত হওয়া বোর্ডের তৃতীয় এই সভায় মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার পাশাপাশি নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা হবে। আজ ২৩ নভেম্বর সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৭ নভেম্বর বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। এতে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি আনোয়ার হোসাইন ও বাবুল আখতারের উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। ওই বৈঠকেই মালিকপক্ষের নতুন মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। আরও পড়ুন,মূলধন সংকটের বিনিয়োগ প্রস্তাব নিয়ে স্পষ্ট করল ব্যাংক কর্তৃপক্ষএর আগে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ। তবে মালিকপক্ষ তাৎক্ষণিক কোনো প্রস্তাব না দিয়ে অভ্যন্তরীণ আলোচনার জন্য সময় চায়। পরে বোর্ড মালিকপক্ষকে চার কার্যদিবস সময় বেঁধে দেয়। উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার ৫০০ টাকা। এবার নতুন মজুরি কাঠামো নির্ধারণের বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের অবস্থান এবং বোর্ডের সুপারিশের দিকে তাকিয়ে রয়েছেন তৈরি পোশাকশিল্পের লাখো শ্রমিক। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। ফলে আজকের বৈঠককে ঘিরে পোশাকশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত