প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে বিশ্বশান্তির মঞ্চে শাহরুখ
সংবাদ দিগন্ত ||
সহিংসতার পরিবর্তে সংলাপ, ভয়ের বদলে বিশ্বাস এবং ঘৃণার পরিবর্তে ভালোবাসাকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তাঁর মতে, শান্তি শুধু একটি অনুভূতি নয়; বরং এটি প্রতিদিনের সিদ্ধান্ত, দায়িত্ব ও প্রতিশ্রুতি। শনিবার ২১ নভেম্বর মুম্বাইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমন বার্তা দেন এই অভিনেতা। নিজের ছেলের সঙ্গে হওয়া একটি কথোপকথনের স্মৃতিচারণা দিয়ে বক্তব্য শুরু করেন শাহরুখ। তিনি জানান, একদিন তাঁর ছোট ছেলে জানতে চেয়েছিল, কীভাবে ঘৃণাকে ভালোবাসায় রূপান্তর করা যায়। উত্তরে শাহরুখ বলেছিলেন, সহিংসতার বদলে সংলাপ, ভয়ের বদলে বিশ্বাস এবং পারস্পরিক সম্প্রীতিকে বেছে নিতে পারলেই ভালোবাসার জয় সম্ভব। শান্তি প্রতিষ্ঠার সূচনা নিজের ভেতর থেকেই হওয়া প্রয়োজন বলে মনে করেন এই বলিউড তারকা। তাঁর ভাষায়, শান্তির শুরু হয় মানুষের হৃদয় থেকে। এটি এমন একটি দায়িত্ব ও প্রতিশ্রুতি, যা প্রতিদিন পালন করতে হয়। বক্তব্যে সাধারণ মানুষের সম্মিলিত শক্তির ওপরও গুরুত্ব দেন শাহরুখ। তিনি বলেন, সাধারণ মানুষের শক্তিকে কখনো অবহেলা করা উচিত নয়। আরও পড়ুন,বিশ্ব চলচ্চিত্রের মঞ্চে বাংলাদেশের মুখ নাজিফা তুষিসবাইকে একসঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। এ সময় পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতার আহ্বান জানিয়ে উপস্থিত অতিথিদের উদ্দেশে শাহরুখ বলেন, সব বিষয়ে সবার একমত হওয়ার প্রয়োজন নেই। তবে প্রত্যেক মানুষের গল্প ও অবস্থান বোঝার চেষ্টা করতে হবে। নিজের আচরণে যেন অন্য কেউ কষ্ট না পায়, সেদিকেও খেয়াল রাখতে হবে।বক্তব্যের একপর্যায়ে মুম্বাইয়ের ২৬/১১ হামলা, পেহেলগামসহ বিভিন্ন সন্ত্রাসী হামলায় নিহত নিরীহ মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। দেশের নিরাপত্তা রক্ষায় জীবন উৎসর্গ করা সাহসী নিরাপত্তাকর্মীদের প্রতিও সম্মান জানান এই অভিনেতা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের স্ত্রী অমৃতা ফড়নবিসের নেতৃত্বাধীন দিব্যজ ফাউন্ডেশন আয়োজন করে অনুষ্ঠানটির। এতে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, অভিনেতা জ্যাকি শ্রফ, সুনীল শেঠি ও রণবীর সিংসহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা বোমান ইরানি ও বিক্রান্ত ম্যাসি। শাহরুখের এই বক্তব্যে উঠে এসেছে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিকতার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার বার্তা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত