প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
বেসরকারি বিনিয়োগে বাড়বে সৌরবিদ্যুৎ উৎপাদন
সংবাদ দিগন্ত ||
সরকারি ভবনের অব্যবহৃত ছাদে বেসরকারি বিনিয়োগে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য উদ্যোক্তা নির্বাচন, বিদ্যুৎ বিক্রি, মূল্য নির্ধারণ ও চুক্তির শর্ত চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ বিভাগ। নতুন ব্যবস্থায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে সরকারি প্রতিষ্ঠানকে কোনো অর্থ বিনিয়োগ করতে হবে না। বরং ছাদ ব্যবহারের বিনিময়ে উৎপাদিত বিদ্যুতের অন্তত ১০ শতাংশ বিনা মূল্যে পাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বিদ্যুৎ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, বেসরকারি উদ্যোক্তারা সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ ব্যয় বহন করবেন। উৎপাদিত বিদ্যুতের অবশিষ্ট অংশ বিক্রি করে বিনিয়োগের অর্থ তুলে নেবেন তাঁরা। এ জন্য করা হবে ১৫ বছরের চুক্তি। চুক্তির মেয়াদ শেষে সৌরবিদ্যুৎকেন্দ্রটি বিনা মূল্যে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করতে হবে। প্রকল্প বাস্তবায়নে সারা দেশে প্রাথমিকভাবে ৮ হাজার ২৩৬টি উদ্যোক্তা প্রতিষ্ঠান বাছাই করেছে বিদ্যুৎ বিভাগ। সরকারের লক্ষ্য, ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলা। নতুন ব্যবস্থায় সরকারি প্রতিষ্ঠান উৎপাদিত বিদ্যুতের ১০ শতাংশ বিনা মূল্যে পাওয়ার পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারে প্রচলিত খুচরা মূল্যের তুলনায় ২০ শতাংশ ছাড় পাবে। অন্যদিকে উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করা যোগ্য প্রকল্পগুলো ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুতের দাম পাবে ১০ টাকা ৫০ পয়সা। আরও পড়ুন,দুর্নীতিমুক্ত দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ বর্তমান দুদক কমিশন: চেয়ারম্যানবিদ্যুৎ বিভাগের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫ হাজার ৫০০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। একই সময়ে ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে আরও ৪ হাজার ৫০০ মেগাওয়াট সক্ষমতা অর্জনের পরিকল্পনা রয়েছে। তবে এই উদ্যোগ বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে অর্থায়ন ও কারিগরি সক্ষমতাকে। সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা গড়ে তুলতে প্রয়োজন হতে পারে প্রায় ২৫ হাজার কোটি টাকা। অথচ প্রাথমিকভাবে ঘোষিত সরকারি তহবিলের পরিমাণ ১ হাজার ৫০০ কোটি টাকা। এ ছাড়া সৌর প্যানেলের নিয়মিত রক্ষণাবেক্ষণ, ভবনের ছাদের কাঠামোগত সক্ষমতা, উদ্যোক্তা নির্বাচনে স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি আর্থিক দায় নিয়েও প্রশ্ন রয়েছে। সব মিলিয়ে সরকারি ভবনের অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানোর এই উদ্যোগ কতটা সফল হয়, তা নির্ভর করবে বিনিয়োগ নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ওপর।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত