প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
সিলেটে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ
সিলেট ব্যুরোচিফ ||
সিলেটে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর পৃথক অভিযানে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস, জিরা, চা-পাতা, কম্বল, পাতার বিড়ি ও গরু। এসব পণ্যের কোনো মালিক পাওয়া যায়নি। বিজিবি সূত্রে জানা গেছে, ২১ নভেম্বর ২০২৬ সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৪ লাখ ৫ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস সামগ্রী, জিরা ও চা-পাতা জব্দ করা হয়।আরও পড়ুন, আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে কৃষক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫এর আগে ২০ নভেম্বর রাতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর ও লোভাছড়া বিওপির পৃথক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল, পাতার বিড়ি ও গরু জব্দ করা হয়। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, তিনটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৮ লাখ ৫৯ হাজার টাকা। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত